| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাজমুলের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৫:৩৬:২৪:অপরাহ্ন  |  ৭১৬৪৮৪ বার পঠিত
নাজমুলের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের ধারাবাহিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে দেশের ক্রিকেটে চরম অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে। নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়ে দিয়েছে, এই দাবির প্রশ্নে তারা একচুলও নড়বে না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, এম নাজমুল ইসলাম যতদিন বিসিবির পরিচালক পদে থাকবেন, ততদিন বাংলাদেশের কোনো বর্তমান বা সাবেক ক্রিকেটার কোনো ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেবেন না।

এর আগে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা এম নাজমুল ইসলাম সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনার জন্ম দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বক্তব্য ছড়িয়ে পড়ার পর সংবাদমাধ্যমে দেওয়া একের পর এক মন্তব্যে তিনি আরও বিতর্কের কেন্দ্রে চলে আসেন।

সর্বশেষ বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল ইসলাম প্রশ্ন তোলেন, বাংলাদেশ দল বিশ্বকাপে ব্যর্থ হলে ক্রিকেটারদের পেছনে ব্যয় করা অর্থ ফেরত চাওয়া যায় কি না।

তিনি বলেন, ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, সেই টাকা কি ফেরত চাইতে পারি না?

এছাড়া তিনি ক্রিকেটারদের অবদান নিয়েও প্রশ্ন তুলে বলেন, বাংলাদেশ ক্রিকেট এখনো কোনো বৈশ্বিক পুরস্কার অর্জন করতে পারেনি এবং বোর্ডের সহায়তা ছাড়া ক্রিকেটারদের অস্তিত্ব টিকে থাকত কি না। এমন মন্তব্য করেন, যা খেলোয়াড়দের মধ্যে চরম ক্ষোভের জন্ম দেয়।

এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে রাত ৯টার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে জানায়, এম নাজমুল ইসলামের মন্তব্য বোর্ডের অবস্থান নয়। বিবৃতিতে বলা হয়, এ ধরনের অনুপযুক্ত ও আক্রমণাত্মক বক্তব্য বিসিবির মূল্যবোধের পরিপন্থী এবং বোর্ড সবসময় ক্রিকেটারদের পাশে রয়েছে।

তবে বোর্ডের এই ব্যাখ্যা ও দুঃখপ্রকাশকে অপর্যাপ্ত ও অগ্রহণযোগ্য বলে মনে করছেন ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে বলেন, আমরা কোনো ব্যাখ্যা বা আশ্বাসে সন্তুষ্ট নই। নাজমুল ইসলামের পদত্যাগ ছাড়া অন্য কোনো সমাধান নেই।

ক্রিকেটারদের মতে, একজন বোর্ড পরিচালকের এমন মন্তব্য বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং খেলোয়াড়দের সম্মান ও মর্যাদায় সরাসরি আঘাত হেনেছে। সেই কারণেই কঠোর কর্মসূচি হিসেবে তারা সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে পৌঁছেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪