রিপোর্টার্স২৪ ডেস্ক: আমাদের রান্নাঘরে থাকা অনেক মসলাই শুধু খাবারের স্বাদ বাড়ায় না, শরীর সুস্থ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিরা, দারুচিনি কিংবা লবঙ্গের মতোই এমন এক উপকারী মসলা হলো কালো এলাচ। এর স্বতন্ত্র সুগন্ধ যেমন সহজেই নজর কাড়ে, তেমনি স্বাস্থ্যগুণের দিক থেকেও এটি অত্যন্ত কার্যকর।
কালো এলাচ বহু শতাব্দী ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা অপরিহার্য তেল, অ্যান্টিঅক্সিডেন্ট ও সিনেওল হজমশক্তি বৃদ্ধি, শ্বাসযন্ত্রের সুরক্ষা এবং হৃদ্স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক বলে মনে করা হয়। জেনে নেওয়া যাক কালো এলাচের উপকারিতা—
হজমশক্তি বজায় রাখে
কালো এলাচ পাকস্থলীতে হজমকারী রস নিঃসরণে সহায়তা করে। ফলে খাবার সহজে হজম হয়। ভারী ও ভাজাপোড়া খাবারে কালো এলাচ ব্যবহারের মূল কারণও এটি। গ্যাস, পেট ফাঁপা ও বদহজম কমাতেও সাহায্য করে।
শ্বাসকষ্ট থেকে স্বস্তি দেয়
কালো এলাচে থাকা সিনেওল নামক যৌগ শ্বাসনালি পরিষ্কার রাখতে সহায়ক। এটি কাশি, সর্দি ও বুকে কফ জমার সমস্যা কমাতে সাহায্য করে এবং ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়।
জীবাণু থেকে সুরক্ষা দেয়
কালো এলাচের অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ফলে মুখের দুর্গন্ধ কমে এবং দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যার ঝুঁকি হ্রাস পায়। অনেকেই মুখের পরিচর্যায় কালো এলাচের তেল ব্যবহার করেন।
হৃৎপিণ্ডের জন্য উপকারী
গবেষণায় দেখা গেছে, কালো এলাচ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এবং হৃদ্পিণ্ডের কোষকে সুরক্ষা দেয়। হৃদ্স্বাস্থ্যের জন্য এটি উপকারী হলেও ওষুধের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কালো এলাচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। পাশাপাশি এর প্রদাহনাশক গুণ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে, যা বর্তমান দূষণপূর্ণ জীবনযাত্রায় বিশেষভাবে প্রয়োজনীয়।
রিপোর্টার্স২৪/আয়েশা