| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতকে ২৩৯ রানে আটকে দিল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৮:৫৯:৪৭:অপরাহ্ন  |  ৭০৩৩৪৭ বার পঠিত
ভারতকে ২৩৯ রানে আটকে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভালো বোলিংয়ে ভারত অনূর্ধ্ব–১৯ দলকে বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ দুই দলের ম্যাচে মাঠে ছিল আরেক প্রতিপক্ষ বৃষ্টি।

কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটির আগেই আবহাওয়া প্রতিবেদনে বৃষ্টির পূর্বাভাস ছিল। সে অনুযায়ী বৃষ্টির কারণে টস হতে দেরি হয়, ম্যাচ চলাকালেও একাধিকবার খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪৯ ওভারে নামিয়ে আনা হয়। তবে ভারত পুরো ওভার খেলতে পারেনি। ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব–১৯ দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারতের যুবারা। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে চাপেই পড়ে যায় তারা। আয়ুশ মাত্রে (৬), বেদান্ত ত্রিবেদী (০) ও বিহান মালহোত্রে (৭) দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। বেদান্ত ও আয়ুশের উইকেট নেন পেসার আল ফাহাদ, বিহানকে ফেরান অধিনায়ক আজিজুল হাকিম।

চতুর্থ উইকেটে বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডু ৬২ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন। ৬৭ বলে ৭২ রান করা সূর্যবংশী বাংলাদেশের বোলারদের চাপে রেখে বড় ইনিংস খেলতে পারেননি। ২৬.২ ওভারে ইকবাল হোসেনকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। তখন কুন্ডু ৫৬ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।

এরপর দায়িত্ব নেন পাঁচে নামা অভিজ্ঞান কুন্ডু। সূর্যবংশী আউট হওয়ার পর কনিস্ক চৌহানের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫৪ রানের জুটি গড়েন তিনি। ২৮ রান করা কনিস্ককে ৩৫.৫ ওভারে আজিজুল হাকিম ফিরিয়ে দিলে আবার ছন্দ হারায় ভারত। ৩৯ ওভার শেষে ৬ উইকেটে ভারতের সংগ্রহ ছিল ১৯২ রান। ঠিক তখনই বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ থাকে প্রায় এক ঘণ্টা।

বৃষ্টি শেষে খেলা শুরু হলে শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলাররাই আধিপত্য দেখান। প্রথম ওভারেই শেখ পারভেজ ফেরান আর এস আমব্রিশকে (৫)। পরবর্তী ছয় ওভারে মাত্র একটি বাউন্ডারি তুলতে পারে ভারত। ৪৭তম ওভারে আল ফাহাদের বলে ছক্কা হাঁকানোর পরই আউট হন ১১২ বলে ৮০ রান করা কুন্ডু। শেষ পর্যন্ত ভারত শেষ ১০ ওভারে হারায় ৪ উইকেট, যোগ করতে পারে মাত্র ৪৬ রান।

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন আল ফাহাদ। তিনি ৩৮ রান দিয়ে নেন ৫ উইকেট। ইকবাল হোসেন ও অধিনায়ক আজিজুল হাকিম নেন ২টি করে উইকেট।

ফলে ভারতের ২৩৮ রানের জবাবে ম্যাচ জিততে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে করতে হবে ২৩৯ রান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪