| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হৃদয়ের সেঞ্চুরিতে হার নোয়াখালীর, প্লে-অফে রংপুর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৮:৪২:৫২:অপরাহ্ন  |  ৬৯৭০৯৮ বার পঠিত
হৃদয়ের সেঞ্চুরিতে হার নোয়াখালীর, প্লে-অফে রংপুর

স্পোর্টস ডেস্ক: বিপিএলের শেষ ম্যাচে আফগান ব্যাটার হাসান ইশাখিলের সেঞ্চুরিও জয়ের জন্য যথেষ্ট হলো না নোয়াখালী এক্সপ্রেসের। তাওহিদ হৃদয়ের দুর্দান্ত শতরানের সামনে শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় ব্যবধানে হার মানতে হয়েছে দলটিকে। এর মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ করল নোয়াখালী, আর প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স।

মোহাম্মদ নবির ছেলে হাসান ইশাখিলের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ গড়ে নোয়াখালী এক্সপ্রেস। ৭২ বলে ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেন হাসান ইশাখিল। তার ইনিংসে ছিল ৪টি চার ও ১১টি ছক্কা। বড় সংগ্রহে ভর করে শেষ ম্যাচে জয়ের আশাই করেছিলেন নোয়াখালীর সমর্থকেরা।

কিন্তু জবাব দিতে নেমে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয় একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ১৫ রানে ডেভিড মালান আউট হলেও হৃদয়ের সঙ্গে তার ৭৮ রানের জুটি ম্যাচের ভিত গড়ে দেয়। এরপর লিটন দাসের সঙ্গে আরও ৮৭ রানের জুটি গড়েন হৃদয়।

৬৩ বলে ১৫টি চার ও ২টি ছক্কায় ১০৯ রান করে আউট হন তাওহিদ হৃদয়। লিটন দাস ৩৫ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। খুশদিল শাহ অপরাজিত থাকেন ৩ রানে। নির্ধারিত সময়ের অনেক আগেই লক্ষ্য পূরণ করে ৮ উইকেটে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স।

এই হারের মধ্য দিয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপিএল অভিযান শেষ হলো হতাশা নিয়ে। টুর্নামেন্টের শুরুতে টানা ছয় ম্যাচ হারলেও মাঝখানে দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছিল দলটি। তবে শেষ দুই ম্যাচে আবার হারতে হয়েছে তাদের।

অন্যদিকে, এই জয়ে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠেছে রংপুর রাইডার্স। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও রান রেটে এগিয়ে থেকে তারা তৃতীয় স্থানে রয়েছে। যদিও চট্টগ্রাম রয়্যালসের এখনও একটি ম্যাচ বাকি। সেই ম্যাচে বড় ব্যবধানে হারলে রান রেটের কারণে অবস্থান বদলাতে পারে চট্টগ্রামের, সে ক্ষেত্রে রংপুরের অবস্থানেও প্রভাব পড়তে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪