| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ২১:০১:২২:অপরাহ্ন  |  ১৫৩০৩৬৬ বার পঠিত
প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে রাজশাহী ও গাজীপুরসহ ১৩ জেলার মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘোষিত জেলাগুলোতে আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মৌখিক পরীক্ষার সূচি প্রকাশিত জেলাগুলো হলো— গাজীপুর, রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষাসংক্রান্ত হালনাগাদ তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মৌখিক পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অনলাইনে আবেদনের আপলোড করা ছবি, আবেদনের কপি, জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে রাখতে হবে।

কোটা প্রার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত বিধি অনুযায়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত গেজেট ও সম্পর্ক সনদের সত্যায়িত কপি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের সনদ জমা দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতার সনদসহ সব প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। সনদ জমার সময় মূল কপি প্রদর্শন এবং মৌখিক পরীক্ষার দিন সব মূল কাগজপত্র সঙ্গে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সারাদেশে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী। চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৫ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট থাকায় দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের আগেই আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪