| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটকীয় মোড়

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১০:৫৬:৩৬:পূর্বাহ্ন  |  ৬৪০৩১৩ বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পেতে পারে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নাটক যেন থামছেই না। টুর্নামেন্ট শুরুর আগেই তৈরি হয়েছে জটিলতা, পাল্টে যাচ্ছে সমীকরণ। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনিচ্ছা জানানোয় বাংলাদেশকে গত শনিবার প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা করে নেয় স্কটল্যান্ড।

তবে নতুন করে নাটকের মোড় ঘুরতে শুরু করেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চাইলে আবারও বাংলাদেশকে বিশ্বকাপে ফেরাতে পারে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে সেই সুযোগ নির্ভর করছে পাকিস্তানের সিদ্ধান্তের ওপর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে। আইসিসির এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়,

‘পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে বিসিবির দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। এতে লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তুলনামূলকভাবে সহজ হবে।’

এই পরিস্থিতিতে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। এমন প্রতিবেদনের পর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্যদিকে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের পথে হাঁটে, তাহলে বড় ধরনের শাস্তির মুখে পড়ার আশঙ্কাও রয়েছে। আইসিসির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এমন সিদ্ধান্ত নিলে পাকিস্তান শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই নয়, এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে।

সব মিলিয়ে, বিশ্বকাপের টিকিট নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তায় ক্রিকেটপ্রেমীদের চোখ এখন আইসিসি ও পাকিস্তানের পরবর্তী সিদ্ধান্তের দিকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪