আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি ঐতিহাসিক মুক্তবাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় দুই দশক ধরে দফায় দফায় আলোচনার পর এই চুক্তি বাস্তব রূপ পেল।
মঙ্গলবার এক বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, গতকাল ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সারা বিশ্ব একে ‘মাদার অব অল ডিলস’ বলে অভিহিত করছে। এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের কোটি মানুষের জন্য বিশাল সুযোগ তৈরি করবে।
প্রধানমন্ত্রী মোদি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ভারত–ইইউ শীর্ষ সম্মেলনে যৌথভাবে চুক্তির বিস্তারিত ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।
এই চুক্তির মাধ্যমে ভারত তার বিশাল ও সংরক্ষিত বাজার ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের জন্য আরও উন্মুক্ত করবে। জনসংখ্যার দিক থেকে ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ইউরোপীয় ইউনিয়ন ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।
২০২৪–২৫ অর্থবছরে (মার্চ পর্যন্ত) ভারত ও ইইউর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
এই চুক্তি এমন এক সময়ে এলো, যখন ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক সময়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর জোট মার্কোসুরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। এর আগে ইইউ ইন্দোনেশিয়া, মেক্সিকো ও সুইজারল্যান্ডের সঙ্গেও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।
একই সময়ে ভারতও যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে।
বিশ্লেষকদের মতে, এসব চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে অনিশ্চিত সম্পর্কের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন দেশের কৌশলগত প্রস্তুতিরই প্রতিফলন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন। এর ফলে গত বছর ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির আলোচনা ভেঙে যায়।
ভারতীয় সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আইনি যাচাই শেষে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ভারত–ইইউ চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন হবে। তিনি বলেন, আমরা আশা করছি এক বছরের মধ্যেই চুক্তিটি কার্যকর হবে। রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি