| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৬:০৩:৪৯:অপরাহ্ন  |  ৬৩৬৭২৭ বার পঠিত
সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আবারও সামনে এলো বিব্রতকর এক বাস্তবতা। আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে মান ও গ্রহণযোগ্যতার বিচারে সবচেয়ে পিছিয়ে থাকা টুর্নামেন্ট হিসেবে চিহ্নিত হয়েছে বিপিএল। ব্রিটিশ ক্রিকেট বিষয়ক প্রভাবশালী ম্যাগাজিন দ্য ক্রিকেটার প্রকাশিত সাম্প্রতিক এক মূল্যায়নে বিশ্বের সবচেয়ে দুর্বল ফ্র্যাঞ্চাইজি লিগের তালিকায় সবার নিচে স্থান পেয়েছে বাংলাদেশের এই ঘরোয়া আসর।

এই র‍্যাংকিংয়ে আইসিসি স্বীকৃত মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগকে বিভিন্ন সূচকের আলোকে বিশ্লেষণ করা হয়েছে। বিনোদনমূল্য, খেলার মান, দর্শক ও ক্রিকেট মহলে গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক ব্যবস্থাপনা। এই চারটি গুরুত্বপূর্ণ মানদণ্ডের ভিত্তিতে তালিকাটি প্রস্তুত করা হয়। মূল্যায়নে দেখা গেছে, এই চার সূচকের মধ্যে তিনটিতেই বিপিএল পেয়েছে সর্বনিম্ন স্কোর।

শুধু একটি ক্ষেত্রে স্থায়িত্ব বা দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্যতার সূচকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ তালিকার একেবারে শেষে থাকলেও বিপিএলের অবস্থান সেখানে নবম। অর্থাৎ প্রায় সব দিক থেকেই পিছিয়ে রয়েছে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্রিকেট ইতিহাসে বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে বিপিএলের মান ক্রমাগত নিম্নমুখী হয়েছে। ধারাবাহিক অব্যবস্থাপনা, আর্থিক অনিশ্চয়তা, ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক জটিলতা এবং প্রশাসনিক দুর্বলতা টুর্নামেন্টটির ভাবমূর্তিকে আন্তর্জাতিক পর্যায়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

দ্য ক্রিকেটার আরও জানায়, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং বিপিএল এই দুই লিগই র‍্যাংকিংয়ের নিচের দিকে অবস্থান করছে। এসব অভিযোগ টুর্নামেন্টগুলোর বিশ্বাসযোগ্যতা ও পেশাদার মান নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়।

এক সময় দক্ষিণ এশিয়ার অন্যতম সম্ভাবনাময় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বিবেচিত বিপিএলকে ঘিরে এই বৈশ্বিক মূল্যায়ন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু, লিগ ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪