রিপোর্টার্স২৪ ডেস্ক: মাঝে মাঝে পেটে ব্যথা হয়? অনেকে ভাবেন, গ্যাস বা অম্বলের কারণে। কিন্তু এমন অস্বস্তির পেছনে কখনো কখনো লুকিয়ে থাকতে পারে মারাত্মক একটি অসুখ গলব্লাডার বা পিত্তথলির ক্যানসার।
গলব্লাডার ক্যানসার একটি বিরল, কিন্তু অত্যন্ত ক্ষতিকর ক্যানসার। এটি পিত্তথলিতে শুরু হয়, যেটি যকৃতের নিচে অবস্থান করে এবং হজমের জন্য প্রয়োজনীয় রস সংরক্ষণ করে। সমস্যা হলো, এই ক্যানসার সাধারণত শুরুতে কোনো লক্ষণ দেখায় না। তাই সময়মতো ধরা না পড়লে চিকিৎসা জটিল হয়ে যায়।
যদি নিচের কোনো উপসর্গ দেখা দেয়, তা উপেক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত:
১. ডান পাঁজরের নিচে ব্যথা বা চাপের অনুভূতি
অনেকে ভাবেন, এটি গ্যাস বা পাথরের কারণে। কিন্তু যদি ব্যথা বারবার ফিরে আসে, তা অবশ্যই চিকিৎসকের কাছে দেখানো জরুরি।
২. খাওয়ার পর অস্বস্তি বা বমিভাব
খাবার পর হজমের সমস্যা নয় এমন অস্বস্তি থাকলে সাবধান হওয়া প্রয়োজন। এটি ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে।
৩. হঠাৎ ওজন কমা বা খাবারের রুচি হারানো
শরীর ঠিকভাবে খাবার শোষণ করতে না পারলে শক্তির অভাব দেখা দেয়। অজান্তেই খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়াও হতে পারে ক্যানসারের লক্ষণ।
৪. চোখ বা ত্বকে হলদে ভাব (জন্ডিস)
চোখ বা ত্বকে হলদে রং, প্রস্রাব গাঢ় রঙের হওয়া এবং মল ফ্যাকাসে হলে তা জন্ডিসের লক্ষণ হতে পারে। গলব্লাডার ক্যানসারে এ ধরনের লক্ষণ দেখা দিতে পারে।
৫. সারাক্ষণ ক্লান্তি বা দুর্বলতা
ঘুম সত্ত্বেও ক্লান্তি কাটছে না? কাজের চাপ ছাড়া এ ধরনের অবসন্নতা যদি দীর্ঘস্থায়ী হয়, তা বড় কোনো রোগের প্রাথমিক সংকেত হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, কোনো অস্পষ্ট উপসর্গ যদি দীর্ঘ সময় ধরে থাকে, তা অবহেলা না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। ক্যানসার যত আগে ধরা পড়ে, তত সহজ হয় চিকিৎসা ও নিরাময়।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
রিপোর্টার্স২৪/ঝুম