রিপোর্টার্স২৪ ডেস্ক: শার্ট এমন একটি পোশাক, যা বর্তমানে নারী ও পুরুষ উভয়ের কাছেই সমান জনপ্রিয়। দেখতে অনেকটাই একই রকম হলেও পুরুষ ও নারীদের শার্টে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে বোতামের অবস্থান। পুরুষদের শার্টের বোতাম থাকে ডান দিকে, আর নারীদের শার্টের বোতাম থাকে বাম দিকে। এই পার্থক্যের কারণ কি শুধুই ফ্যাশন? বিষয়টি মোটেও তেমন নয়। এর পেছনে রয়েছে ইতিহাস, সামাজিক বাস্তবতা ও নানা প্রচলিত ব্যাখ্যা।
বর্তমান বিশ্বে ইউনিসেক্স ফ্যাশন বেশ আলোচিত। জিন্স, টি-শার্ট, সানগ্লাসসহ অনেক পোশাকই এখন নারী-পুরুষ নির্বিশেষে ব্যবহার হচ্ছে। তবে একসময় শার্ট ছিল শুধুমাত্র পুরুষদের পোশাক। সময়ের সঙ্গে ফ্যাশনের বিবর্তনে নারীরাও শার্ট পরতে শুরু করেন। কিন্তু সেই পরিবর্তনের মাঝেও বোতামের অবস্থানের এই পার্থক্য থেকে গেছে।
ইতিহাসের ব্যাখ্যা
ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রাচীনকালে পুরুষেরা সাধারণত ডান হাতে তলোয়ার বহন করতেন। প্রয়োজনে শার্ট খোলা বা লাগানোর সময় তারা বাম হাত ব্যবহার করতেন। সে কারণে শার্টের ডান পাশে বোতাম থাকাই ছিল সুবিধাজনক।
অন্যদিকে, নারীরা অধিকাংশ সময় বাম হাতে শিশু ধরে রাখতেন। সন্তানকে খাওয়ানো বা দেখাশোনার জন্য তাদের ডান হাত ব্যবহার করতে হতো। তাই শার্টের বোতাম যদি বাম পাশে থাকে, তবে ডান হাতে বোতাম খোলা-বন্ধ করা সহজ হতো। এই ব্যবহারিক প্রয়োজন থেকেই নারীদের শার্টে বাম পাশে বোতামের প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয়।
নেপোলিয়নের সঙ্গে জড়িত গল্প
আরেকটি জনপ্রিয় গল্প জড়িয়ে আছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট–এর সঙ্গে। কথিত আছে, নেপোলিয়ন তার জামায় হাত ঢুকিয়ে রাখার ভঙ্গিতে দাঁড়াতেন, যা অনেক নারী অনুকরণ করতে শুরু করেন। এতে বিরক্ত হয়ে নেপোলিয়ন নাকি নারীদের শার্টে বোতামের অবস্থান আলাদা করার নির্দেশ দেন, যাতে অনুকরণ করা কঠিন হয়। যদিও এই গল্পের ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এটি বহুদিন ধরে প্রচলিত একটি বিশ্বাস।
ঘোড়ায় চড়ার কারণেও পার্থক্য?
আরেকটি ব্যাখ্যায় বলা হয়, অতীতে নারীরা ঘোড়ায় চড়ার সময় দুই পা এক পাশে ঝুলিয়ে বসতেন। এ অবস্থায় যদি শার্টের বোতাম বাম দিকে থাকে, তবে বাতাস শার্টকে শরীরের সঙ্গে চেপে রাখত এবং পোশাক অস্বস্তিকরভাবে উড়ে যাওয়ার আশঙ্কা কম থাকত।
পরিচয়ের পার্থক্য তৈরির চেষ্টা
কিছু ফ্যাশন বিশেষজ্ঞের মতে, নারী ও পুরুষের পোশাকের মধ্যে স্পষ্ট পার্থক্য তৈরি করতেই বোতামের দিক আলাদা রাখার প্রচলন শুরু হয়। এতে পোশাক দেখেই সহজে বোঝা যেত, সেটি নারী না পুরুষের জন্য তৈরি।
সব মিলিয়ে বলা যায়, নারীদের শার্টের বোতাম বাম দিকে থাকার পেছনে রয়েছে ইতিহাস, ব্যবহারিক প্রয়োজন, সামাজিক প্রেক্ষাপট ও কিছু প্রচলিত বিশ্বাস। সময় বদলালেও এই ছোট্ট পার্থক্য আজও ফ্যাশনের অংশ হয়ে টিকে আছে।
রিপোর্টার্স২৪/ঝুম