স্টাফ রিপোর্টার: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. এ এস মো. আবদুল হাছিবকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপাচার্য পদে যোগদানের পূর্বে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
ড. আবদুল হাছিবের নিযুক্তি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি দেশের এক প্রথাগত ও আধুনিক শিক্ষাব্যবস্থার সংমিশ্রণে গঠিত প্রথম উপাচার্য নিয়োগ।
রিপোর্টার্স২৪/এসসি