| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সুইডিশ’ আনিকাকে নিয়ে এশিয়ান কাপ মিশনে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ২০:১৯:০০:অপরাহ্ন  |  ৪৫২১৯৭ বার পঠিত
‘সুইডিশ’ আনিকাকে নিয়ে এশিয়ান কাপ মিশনে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার: ইতিহাস গড়তে অস্ট্রেলিয়ার পথে বাংলাদেশ নারী ফুটবল দল। এএফসি উইমেন্স এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো নাম লেখানো লাল-সবুজের প্রতিনিধিরা আজ রাত ২টায় সিডনির উদ্দেশে দেশ ছাড়বে। 

এই ঐতিহাসিক যাত্রার আগে আজ দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও নতুন সেনসেশন আনিকা রানিয়া সিদ্দিকীকে নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন প্রধান কোচ পিটার বাটলার।

সুইডেন প্রবাসী ২০ বছর বয়সী মিডফিল্ডার আনিকাকে নিয়ে গত কয়েকদিন ধরেই ফুটবল অঙ্গনে বেশ কৌতূহল ছিল। সংবাদ সম্মেলনে বাটলার জানান, বাফুফে সহ-সভাপতি ফাহাদের মাধ্যমে আনিকার খোঁজ পান তিনি। 

ভিডিও বিশ্লেষণ এবং কঠোর অনুশীলনে পরখ করার পর আনিকাকে ‘দারুণ এক আবিষ্কার’ হিসেবে অভিহিত করেছেন কোচ। বাটলারের মতে, আনিকাই হতে পারেন জাতীয় দলে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার প্রচলিত জড়তা ভাঙার কারিগর।

কোচ বাটলার বলেন, ‘আমাদের এমন একজনকে প্রয়োজন ছিল যে সাহসের সাথে দৃষ্টান্ত স্থাপন করবে। আনিকা ঠিক সেটিই করছে। সে মাঠের বাম এবং ডান—উভয় পাশেই সমানভাবে খেলতে পারে, যা দলের ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

যদিও আনিকা এখনো পুরোপুরি ‘পরিপূর্ণ’ ফুটবলার নন, তবে তার লড়াকু মানসিকতা এবং বয়স তাকে ভবিষ্যতের এক বড় তারকা হিসেবে গড়ে তুলবে বলে আশাবাদী কোচ। বাংলাদেশ দল থাইল্যান্ড হয়ে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিডনি পৌঁছাবে।

সেখানে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি ২৬ ফেব্রুয়ারি ‘ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স’-এর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এশিয়ান কাপের মূল মঞ্চে বাঘিনীদের এই লড়াই দেখতে এখন মুখিয়ে আছে গোটা দেশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪