স্পোর্টস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরে মর্মান্তিক এক ঘটনায় শোক নেমে এসেছে ক্রিকেট অঙ্গনে। অনূর্ধ্ব–১৩ পর্যায়ের একটি ম্যাচ পরিচালনার সময় মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারিয়েছেন ৬৫ বছর বয়সী অভিজ্ঞ আম্পায়ার মানিক গুপ্ত। একই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
মানিক গুপ্ত প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন আঞ্চলিক ও বয়সভিত্তিক প্রতিযোগিতায় আম্পায়ারিং করেছেন। স্থানীয় ক্রিকেট মহলে তিনি পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালে হঠাৎ করেই মৌমাছির একটি বড় ঝাঁক মাঠে নেমে আসে এবং খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের ওপর আক্রমণ শুরু করে। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সবচেয়ে বেশি আক্রান্ত হন মানিক গুপ্ত।
তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
ঘটনায় আহত হয়েছেন আরেক আম্পায়ার জগদীশ শর্মা। তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। অন্য আহতদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটসংশ্লিষ্টরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মানিক গুপ্তের দীর্ঘ অবদান স্মরণ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব