স্টাফ রিপোর্টার: কার্যালয় ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন–এর একাংশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাব–এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাজ্জাদুল আলম খান তপু, সাবেক সভাপতি আমজাদ হোসেন ও আবু জাফর সূর্য।
বক্তারা অভিযোগ করেন, আগস্ট–পরবর্তী অস্থিরতার সময় ‘মব সন্ত্রাসের’ মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যালয় দখল করা হয়েছে। তারা বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকতেই পারে, কিন্তু মবের মাধ্যমে কারও সাংগঠনিক অধিকার হরণ গ্রহণযোগ্য নয়।
অবিলম্বে সংগঠনের কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান নেতারা। একইসঙ্গে ভিন্নমতের কারণে কারাগারে আটক সাংবাদিকদের মুক্তির দাবিও তোলা হয়।
মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার–এ গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রিপোর্টার্স২৪/এসসি