স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালের শুরুতে ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশে যাওয়ার পর থেকে রোনালদোর আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। কখনো কখনো তাকে ঐতিহ্যবাহী সৌদি পোশাক জোব্বা পরতেও দেখা গেছে।
আল নাসরের সাবেক ফুটবলার শায়ে শারাহিলি সম্প্রতি জানিয়েছেন, রমজান মাসে সৌদি সংস্কৃতি ও রোজার অভিজ্ঞতা বোঝার আগ্রহ থেকে রোনালদো টানা ২ দিন রোজা রাখেন। শারাহিলি বলেন, আরব খেলোয়াড়রা রমজানে খেলা নিয়ে অভ্যস্ত হলেও বিদেশি খেলোয়াড়দের জন্য খাবার, ঘুম ও দৈনন্দিন রুটিন ঠিক রাখা চ্যালেঞ্জিং। ব্যক্তিগত কৌতূহল ও সংস্কৃতি বোঝার জন্য রোনালদো এই রোজা রাখার সিদ্ধান্ত নেন, তবে পেশাদার ফুটবলারের ব্যস্ত জীবন রোজা রেখেই চালানো কঠিন প্রমাণিত হয়।
শারাহিলি আরও উল্লেখ করেন, কিছু খেলোয়াড় মনে করেন রোজা শরীরের জন্য উপকারী হতে পারে, তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন প্রভাব ফেলে।
রোনালদোর আল নাসরের সঙ্গে চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত বৈধ।
রিপোর্টার্স২৪/বাবি