| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৫ ইং | ১৫:৩২:৪৬:অপরাহ্ন  |  ১৭৩১৩৫১ বার পঠিত
লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহিত

সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।  এই সফরে ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। 

অন্তর্বর্তী সরকারের একজন দায়িত্বশীল সূত্র এবং লন্ডন বিএনপির এক শীর্ষস্থানীয় নেতা রিপোর্টার্স ২৪ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা এই সফরের সময় বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।

সরকারের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। লন্ডন বিএনপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে  জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জুন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে। 

বিএনপির একটি সূত্র জানিয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতের বিষয়টি নিয়ে আজ সোমবার ( ৯ জুন) রাতে স্থায়ী কমিটির সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পর জানাযাবে কবে ও কখন হবে এই বৈঠক।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে সোমবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘তারেক রহমান বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দলের নেতা। তাঁর সঙ্গে লন্ডন সফরে প্রধান উপদেষ্টার বৈঠক হলে দেশের জন্য পজিটিভ মেসেজ। কিন্তু বৈঠক হবে কি না, তা এখনো ঠিক হয়নি। লন্ডনে গিয়ে বোঝা যাবে।’

প্রধান উপদেষ্টার এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ। সফর শেষে আগামী ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

এদিকে অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ড. ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল–বোঝাবুঝির’ অবসান করতে চান টিউলিপ। 

তবে টিউলিপ পাঠানো কোনো চিঠি অধ্যাপক ইউনূস পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪