রিপোর্টার্স২৪ ডেস্ক: ক্ষমতায় আসার পর ড. মুহাম্মদ ইউনূসও আগের রাজনীতিবিদদের ধারা অনুসরণ করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে তিনি এ মন্তব্য করেন।
খালেদ মুহিউদ্দীন বলেন, আমি দিনের পর দিন ড. ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার অন্যায় কাজগুলোর সমালোচনা করেছি। কিন্তু ইউনূস নিজে যখন ক্ষমতায় এলেন, তখন সেই রাজনীতিবিদদের স্টাইলই অনুসরণ করলেন।
তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতায় আসার পর ড. ইউনূস নিজেকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের সময় ৬৬৬ কোটি টাকা কর মওকুফ পেয়েছেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুবিধা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
শান্তিতে নোবেলজয়ী হওয়া আর একটি দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এক বিষয় নয়- এমন মন্তব্য করে খালেদ মুহিউদ্দীন বলেন, ইউনূসের দেড় বছরের শাসনামল মিলিয়ে দেখলেই বোঝা যায়, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন পুরোপুরি ব্যর্থ ছিল। বাংলাদেশের ইতিহাসে এমন ‘মব রাজত্ব’ আগে দেখা যায়নি।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতির দায় সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীকেও নিতে হবে। একইসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, শেখ হাসিনার আমলে সব কিছুর জন্য যদি তাকেই দায়ী করা হয়, তাহলে ইউনূসের আমলে সব কিছুর জন্য ড. ইউনূসকে দায়ী করা যাবে না কেন?
তবে এসব অভিযোগের বিষয়ে ড. ইউনূস বা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/আরকে