কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গণভোটের রায় জনগণের রায়। এই রায়কে কেউ আদালত পর্যন্ত নিয়ে গেলে এর পরিণতি খুবই ভয়াবহ হতে পারে। তরুণ প্রজন্ম তখন কাউকে ছাড় দেবে না।
বৃহস্পতিবার (৫ মার্চ) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কিশোর কণ্ঠ পাঠক ফোরামের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যানও থাকা নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, নির্বাচনের পর যে দল ক্ষমতায় এসেছে, তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে গুরুতর গড়িমসি করছে। অথচ এর আগে তারা জুলাই সনদে অংশগ্রহণ করেছে, তাতে স্বাক্ষর করেছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে দিনের পর দিন আলোচনায় অংশ নিয়েছে। যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, সেসব বিষয়েই গণভোট আয়োজন করা হয়েছিল।
তিনি অভিযোগ করে বলেন, গণভোটের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। যিনি রিট করেছেন এবং যেসব আইনজীবী এতে যুক্ত ছিলেন, তারা বিএনপিমনা বা বিএনপি-সমর্থিত এমন অভিযোগ তুলে তিনি এর নিন্দা জানান।
ছাত্রশিবির সভাপতি আরও বলেন, জুলাই বিপ্লবে বহু রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই বিপ্লবই অনেক রাজনৈতিক শক্তিকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। এত রক্তের ওপর দাঁড়িয়ে সেই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা লজ্জাজনক।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগে যখন ফ্যাসিবাদী সরকার জনগণের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইত, তখন আদালতের আশ্রয় নিত। কোটা সংস্কার আন্দোলনের সময়ও আদালতের রায়কে ব্যবহার করে আন্দোলনকে ভিন্নদিকে নেওয়ার চেষ্টা হয়েছিল।
তিনি বলেন, আদালতকে ব্যবহার করার সেই পুরোনো সংস্কৃতি আবার চালু করতে চাইলে তার পরিণতিও আগের ফ্যাসিবাদের মতোই হবে। জুলাইয়ের ঘটনাগুলো থেকে শিক্ষা না নিলে তরুণ প্রজন্ম তা মেনে নেবে না।
নির্বাচন নিয়েও অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অভিযোগ উঠেছে। উপদেষ্টাদের একটি অংশ এখন এ বিষয়ে কথা বলতে শুরু করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আসা থেকে ঠেকাতে তারা সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠের কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল মোহাইমেন, লেখক ড. আহসান হাবীব ইমরোজ, চিকিৎসক ডা. সিফাত সালেহ, কিশোর কণ্ঠ পাঠক ফোরাম কুমিল্লা মহানগরের চেয়ারম্যান হাসান আহমেদ, ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, উপদেষ্টা কাজী আকিব আব্দুল্লাহ এবং কুমিল্লা মহানগরের পরিচালক ফরহাদ হোসেন জারিফসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
রিপোর্টার্স২৪/এসসি