স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার (৫ মার্চ) সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংবাদ সম্মেলনে দাবি করেন, খলিলুর রহমান 'লন্ডন কন্সপিরেসি'র হোতা, নির্বাচনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকারকে সুবিধা দিতে কাজ করেছেন।
ডা. তাহের বলেন, সাবেক উপদেষ্টার শপথ ভঙ্গ করে তিনি বর্তমান মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, যা ন্যায্য নয়। ডিসি, এসপি, টিএনও ও প্রিজাইডিং অফিসারের নিয়োগের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে জয়ী করার নকশা তৈরি করা হয়েছিল। যারা জাতির সঙ্গে এ ধরনের মীরজাফরি করেছে, তাদের বিচার হোক।
জামায়াত নেতা আরও অভিযোগ করেন, বর্তমানে দলের কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, সরকারের ইন্ধনেই আদালত ব্যবহার করে জুলাই সনদ ও গণভোট সংক্রান্ত সংস্কার বিলম্ব করা হচ্ছে। তিনি 'জুলাই সনদ'কে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি