স্টাফ রিপোর্টার: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা গেছে।
হাসনাত বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে বলেন, ভিডিওটি নির্বাচনী সময় ধারণ করা হয়েছিল এবং প্রথমে একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। কিন্তু সম্প্রতি এটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি শিশুকেও কথা বলতে দেখা গেছে, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
তিনি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করে বলেন, এই কাজটি করা একদমই উচিত হয়নি। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি হবে না, এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকবে, এটি নিশ্চিত করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ।
হাসনাত আরও বলেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করার সংস্কৃতিকে আমরা সমর্থন করি না। তিনি সবাইকে সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চা বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ভিডিওতে একজন শিশুকে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন করেন, “মির্জা আব্বাস কী?” শিশুটি উত্তরে বলে, “মির্জা আব্বাস চাঁদাবাজ।” এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/এসসি