| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিক্ষোভের ডাক জামায়াতের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৩:০১:২৭:অপরাহ্ন  |  ৪৭৩৯৭২ বার পঠিত
বিক্ষোভের ডাক জামায়াতের

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর গুরুতর অভিযোগ তুলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমান এর গ্রেফতার দাবি করেছে। এই দাবিতে শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি।

দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় উল্লেখ করা হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ অভিযোগ ও দাবি তুলে ধরেন। তিনি বলেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা সাংবাদিকদের সঙ্গে তথ্য প্রকাশ করেছেন, যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারেননি, তাদের মূলধারার শক্তি হিসেবে আসতে দেওয়া হয়নি। এতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং–এর বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

তাহের আরও বলেন, জামায়াত জানতে চায়, কী ধরনের ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে দলকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে বঞ্চিত করা হয়েছে, এবং এর সঙ্গে আর কারা জড়িত ছিলেন। তিনি দাবি করেন, নির্বাচন প্রভাবিত করতে ডিসি, এসপি, ইউএনও, ওসি ও প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করা হয়েছিল। সরকারকে তিনি আহ্বান জানান, এই বিষয়ে স্পষ্ট তথ্য দেশবাসীর সামনে প্রকাশ করতে হবে।

সাবেক উপদেষ্টা খলিলুর রহমান কে নিয়েও তাহের বলেন, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের বিষয়ে অভিযোগ করা হয়েছিল। কিন্তু পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন, যা আগের অবস্থানের পরিপন্থী। তিনি জামায়াতের বক্তব্য অনুযায়ী ‘লন্ডন ষড়যন্ত্রের হোতা’ হিসেবেও পরিচিত। তাহের অভিযোগ করেন, সরকারে সুবিধা দেয়ার জন্য খলিলুর রহমান ষড়যন্ত্র করেছেন এবং বিএনপির সঙ্গে গোপন সমঝোতায় থেকে তাদের স্বার্থ রক্ষা করেছেন।

তাহের আরও দাবি করেন, সরকারের কিছু উপদেষ্টা বিএনপিকে নির্বাচনে জেতানোর জন্য ষড়যন্ত্রে অংশ নিয়েছেন। তিনি বলেন, জামায়াত একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। যারা নির্বাচন ভণ্ডুল করেছে, তাদের তিনি ‘মীর জাফর’ হিসেবে অভিহিত করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য শিশির মনির ও জাহিদুর রহমান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪