স্টাফ রিপোর্টার: এক দলের জায়গায় আরেক দল ক্ষমতায় এলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় কেবল স্লোগানের পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। তিনি বলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আগে বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ বলতেন, এখন ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করছেন। এভাবে গোটা দেশ চলছে। শুধু স্লোগান বদলেছে—জয় বাংলার জায়গায় বাংলাদেশ জিন্দাবাদ এসেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি।
তিনি আরও বলেন, একটি দলের জায়গায় আরেকটি দল ক্ষমতায় এসেছে, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী বাস্তব উন্নতি হয়নি। জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে মানুষ এখনও হতাশ।
বিএনপি সরকার গঠনের পর দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। তিনি দাবি করেন, নোয়াখালীর হাতিয়ায় শাপলা প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনাও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনার পরও সুশীল সমাজ ও নারী অধিকার কর্মীদের অনেকেই নীরব ভূমিকা পালন করছেন। তবে জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে নীরব থাকবে না। মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এনসিপি সবসময় সোচ্চার থাকবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।
রিপোর্টার্স২৪/বাবি