রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বলেছেন, নেপালে গণঅভ্যুত্থানের নেতারা সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নেই এবং ভাই-ব্রাদার কোরামও নেই।
শুক্রবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি ঢাবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মন খারাপ কইরেন না। অনেকেই আমার সঙ্গে একমত হবেন।
সালাহউদ্দিন উল্লেখ করেন, জুলাইয়ের পরে বিভিন্ন আন্দোলন ও ক্যাম্পাস মুভমেন্টের সময় জাতীয় নেতারা পোষ্য কোটা বাতিলের বিষয়টি উপেক্ষা করেছিলেন। তিনি জানান, আমরা তখন পোষ্য কোটা আন্দোলনে সক্রিয় ছিলাম। আমাদের জাতীয় নেতারা ঢাবি থেকে একটি ঢাক দিয়ে পোষ্য কোটা বাতিলের আওয়াজ তোলার সময়ই পাননি।
রাকসু জিএস আরও বলেন, ঢাবির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তাব নিয়ে দিনের পর দিন অভ্যুত্থানের নেতাদের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। তবে সেই সময় তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তিনি মজার ছলে যোগ করেছেন, সব ঠিক আছে, হয়তো একটাই ভুল আমি ঢাবিতে চান্স পাইনি।
নেপালের সরকার গঠনের প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, অভ্যুত্থানের নেতারা যে দলই গঠন করুক না কেন, সেটাই আমার প্রাণের সংগঠন। তবে আমি দায়ী করবো সেই সময়কে, যখন ভাই-ব্রাদার বানানোর চেষ্টার পরিবর্তে মানুষকে ফ্যান-ফলোয়ার দিয়ে মূল্যায়ন করা হয়েছে। ফলে হাজার হাজার ভাই-ব্রাদার হারিয়ে গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম