স্টাফ রিপোর্টার: National Citizen Party (এনসিপি)-এর নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মনিরা শারমিন, সদস্য সচিব হিসেবে ডা. মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক হিসেবে নুসরাত তাবাসসুমের নাম ঘোষণা করা হয়েছে।
রোববার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিটি-তে আয়োজিত এক আলোচনা সভায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই-পরবর্তী সময়ে নারীদের লক্ষ্য করে অনলাইনে বুলিং ও হয়রানির প্রবণতা অনেক বেড়েছে। বিশেষ করে রাজনৈতিকভাবে সক্রিয় নারীদের পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতির কারণে ছাত্র আন্দোলনে সক্রিয় থাকা অনেক নারী রাজনীতি থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের পর থেকে একটি প্রশ্ন সবচেয়ে বেশি সামনে এসেছে—সেই আন্দোলনের নারীরা এখন কোথায়। যারা রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের অনেককে পরবর্তী সময়ে রাজনীতির মাঠে আর ততটা দেখা যাচ্ছে না। সারাদেশে জুলাই আন্দোলনের যেসব নারীর কণ্ঠস্বর হারিয়ে গেছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করবে ‘জাতীয় নারী শক্তি’।
নাহিদ ইসলাম আরও বলেন, এসব নারীরা রাজনীতি করুক বা না করুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। গত বছর এনসিপির জুলাই পদযাত্রার সময় দেশের বিভিন্ন এলাকায় গিয়ে আন্দোলনে অংশ নেওয়া অনেক নারীর সঙ্গে দেখা হয়েছে। তাদের মধ্যে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা ও নিজেদের মতামত প্রকাশের আগ্রহ থাকলেও নানা সামাজিক ও পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা তা প্রকাশ করতে পারেননি।
তিনি আরও বলেন, যেকোনো নির্বাচনের পর হঠাৎ করেই নারীদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। সাইবার জগতের বিষাক্ত পরিবেশও অনেক সময় নারীদের জন্য ভয়াবহ হয়ে ওঠে। তিনি উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে এনসিপির একজন নারী কর্মী নির্বাচনের আগে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার্স২৪/বাবি