স্টাফ রিপোর্টার: সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে দেশকে এগিয়ে নিতে চাই। গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন—এমন মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা (সিসাস)-এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি কাওসার আজম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক।
প্রধান অতিথি আরও বলেন, রাষ্ট্র পরিচালনা ও সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তিনি সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার কার্যক্রমকে আরও গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজাক। তিনি বলেন, সিরাজগঞ্জের মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। মিল্ক ভিটার পণ্যগুলো মানসম্মত এবং প্রান্তিক কৃষকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন, তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের দপ্তর সম্পাদক ও ইফতার পরিচালনা কমিটির সদস্য সচিব নাজমুল ইসলাম। তিনি বলেন, সিরাজগঞ্জের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি ও ইফতার পরিচালনা কমিটির আহ্বায়ক হাসনায়েন তানভীর ইমন উপস্থিত অতিথি ও সদস্যদের ধন্যবাদ জানান।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব