স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিরোধী শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে এবং বিভিন্ন নীতি নিয়ে আলোচনা হতে পারে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।
সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদী শক্তিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। বিভিন্ন মিডিয়া ও সাংস্কৃতিক শক্তি আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তবে দেশের তরুণরা যতদিন জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে দেশের পথে-প্রান্তরে ছড়িয়ে থাকবে, ততদিন আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সারা দেশে ছড়িয়ে থাকা শক্তিগুলোকে পুনর্গঠিত করে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতারা।
রিপোর্টার্স২৪/বাবি