রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। টানা দ্বিতীয় দিনের মতো দাম বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকার বেশি নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা। সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮২ টাকা।
রিপোর্টার্স২৪/ঝুম