| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগর সীমান্ত দিয়ে ২৬জনকে ফেরত পাঠালেন বিএসএফ

reporter
  • আপডেট টাইম: জুন ১২, ২০২৫ ইং | ০৪:২২:০৯:পূর্বাহ্ন  |  ১৬৯৬৫৯৬ বার পঠিত
জীবননগর সীমান্ত দিয়ে ২৬জনকে ফেরত পাঠালেন বিএসএফ
ছবির ক্যাপশন: বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেণীপুর সীমান্তের ৬৪ খুঁটি'র শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অবৈধভাবে বসবাসকারী ২৬ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।  

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেণীপুর সীমান্তের ৬৪ খুঁটি'র শূন্যরেখায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।

রাত আটটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) উপ-অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হস্তান্তর করা ২৬ বাংলাদেশিদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৬ জন নারী ও ১৩জন শিশু। তাঁরা কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বাসিন্দা। তাঁরা বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশ করে দেশটির হরিয়ানা অঞ্চলে ১৪ বছর ধরে বসবাস করে আসছিলেন।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তি'র মাধ্যমে জানান, বিএসএফ ৩২ ব্যাটালিয়ন মহেশপুর ব্যাটালিয়নকে (৫৮ বিজিবি) গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে জানায়, ভারতে অবৈধভাবে বসবাস করা ২৬ জন বাংলাদেশিকে হরিয়ানা পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেছে। তাঁদের ফেরত নিতে নাম, ঠিকানা ও আত্মীয়স্বজনের মুঠোফোন নম্বরসহ বিজিবিকে অনুরোধ জানানো হয়। যাচাই করে ২৬ জনের পরিচয় নিশ্চিত হয় বিজিবি। আজ বেলা দেড়টায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের গ্রহণ করা করা হয়। এরপর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সাধারণ ডায়েরির মাধ্যমে তাঁদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়।

হস্তান্তর করা বাংলাদেশিরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বড়ইল গ্রামের মোহাম্মদ মকবুল হোসেন (৪৫) ও তাঁর স্ত্রী আছিয়া বেগম (৪০), বড় মেয়ে মোছা. মরিয়ম (২৫) এবং ১৭, ১১, ৮ ও ৬ বছর বয়সী আরও চার মেয়ে; একই গ্রামের মোহাম্মদ আপেল মামুন (৪০) ও তাঁর ২ ও ১ বছর বয়সী ‍দুই ছেলে; একই থানাধীন আটিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৪৫) ও তাঁর বড় ছেলে মোহাম্মদ আতিকুল ইসলাম (১৮) ও ৭ বছর বয়সী ছোট ছেলে; কবিরেরভিটা গ্রামের মোহাম্মদ রাজু মিয়া (৩৮) ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম (৩৭) এবং তাঁদের ১০, ৭ ও ৫ বছর বয়সী তিন মেয়ে এবং হাসান নূরের মেয়ে লিপি আক্তার (১৯) ও তাঁর ৩ বছর বয়সী মেয়ে; বালাটরি গ্রামের লাভলু হক (৪৫) ও তাঁর স্ত্রী নুর নাহার বেগম (৪৪), বড় মেয়ে লাভলী খাতুন (২২) এবং ১১ বছর বয়সী ছোট মেয়ে ও ২ বছর বয়সী নাতি। এ ছাড়া জয়পুরহাটের ক্ষেতলাল থানার দারসা গ্রামের মো. আবদুস সামাদ (২৫)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, বিজিবি'র সদস্যরা ২৬ জন বাংলাদেশিকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। স্বজনেরা না আসা পর্যন্ত তাঁদের জীবননগর থানায় রাখা হবে।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪