রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ মূল্যতালিকা প্রকাশ করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, সংশোধিত দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারা দেশের বাজারে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ বুধবার (১১ মার্চ) স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।
সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে মোট ৪১ বার। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৫ বার।
অন্যদিকে, গত ২০২৫ সালে দেশের স্বর্ণবাজারে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার স্বর্ণের দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের পরিবর্তনের প্রভাবেই দেশের স্বর্ণবাজারে ঘন ঘন দাম সমন্বয়ের ঘটনা ঘটছে।
রিপোর্টার্স২৪/ঝুম