রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, জীবিত অবস্থার চেয়েও প্রয়াত অবস্থায় খালেদা জিয়া আরও শক্তিশালী হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে খালেদা জিয়ার মৃত্যুতে আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, বর্তমান সংসদের একটি বড় বৈশিষ্ট্য হলো গত ১৫ বছর যাদের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ তুলে আন্দোলন করা হয়েছিল, তাদের কেউ আজ সংসদে নেই। এই বাস্তবতা সামনে রেখে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, হাজার হাজার মানুষের আত্মত্যাগ এবং যেসব শহীদের কথা সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে সংসদের কার্যক্রম পরিচালনা করা উচিত। একই সঙ্গে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে পার্থ বলেন, গত প্রায় ১৭ বছরে খালেদা জিয়ার যে আত্মত্যাগ, সাহস ও দৃঢ়তা তিনি কাছ থেকে দেখেছেন, তা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
তার ভাষায়, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, জীবিত খালেদা জিয়ার চেয়েও প্রয়াত খালেদা জিয়া এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছেন।”
তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রামকে কোনোভাবেই ছোট করে দেখা উচিত নয়। বরং দেশের গণতন্ত্র ও রাজনৈতিক ইতিহাসে তার ভূমিকা যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
রিপোর্টার্স২৪/ঝুম