| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মামলা ও ভয়ভীতি দিয়ে ছাত্র নেতৃত্বকে থামানো যাবে না: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৫:৫৮:৪৭:অপরাহ্ন  |  ৪২৪৬০২ বার পঠিত
মামলা ও ভয়ভীতি দিয়ে ছাত্র নেতৃত্বকে থামানো যাবে না: নাহিদ ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ভয়ভীতি বা মামলার মাধ্যমে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না। তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা করার একটি অপচেষ্টা হয়েছে, যা আদালত গ্রহণ করেনি।

শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সমন্বয়ক আসিফ মাহমুদকে প্রধান আসামি করে যে মামলা করার চেষ্টা করা হয়েছে, তা শুধু কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি পরিকল্পিত রাজনৈতিক আঘাত।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের তরুণ প্রজন্মের কাছে সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে, ৫ আগস্টের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি আরও বলেন, অতীতেও মামলা ও ভয়ভীতি দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। ভবিষ্যতেও এমন অপশক্তি ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন।

সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪