স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস–কে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যে পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করেছেন অভিনেত্রী ও গত নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম। শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছেন, একসময় তার নির্বাচনী প্রচারণার সময় মির্জা আব্বাস তার কাছ থেকে লিফলেট গ্রহণ করেছিলেন। সেই ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, মির্জা আব্বাস সাহেব একজন সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও চেয়ারে বসে না থেকে দাঁড়িয়ে আমার কাছ থেকে লিফলেট গ্রহণ করেছিলেন। তখনই তার ভদ্রতা ও শিষ্টাচার সম্পর্কে ধারণা পাই।
তিনি আরও বলেন, তিনি নতুন, নারী এবং বয়সে কম হওয়া সত্ত্বেও তার প্রতি যে সম্মান দেখিয়েছিলেন মির্জা আব্বাস, তা তাকে মুগ্ধ করেছিল। মেঘনা আলমের মতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারস্পরিক সম্মানবোধ থাকা প্রয়োজন।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একসময় মির্জা আব্বাস নিজেই তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। তখন তিনি তাকে সাহস দিয়ে বলেন, জনপ্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে অনেক সময়ই ভুয়া মামলা হতে পারে এবং সে কারণে ভেঙে পড়ার কিছু নেই।
এছাড়া সম্প্রতি পাটওয়ারীর একটি বক্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে মন্তব্য করার বিষয়টি নিয়েও সমালোচনা করেন মেঘনা আলম। তিনি বলেন, সন্তানের বিষয়টি যে কোনো মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং এ ধরনের প্রসঙ্গ টেনে আনা অনুচিত।
পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে উঠবেন। পাশাপাশি তিনি মন্তব্য করেন, তার কোনো ক্ষতি হলে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্য বড় কারণ হিসেবে বিবেচিত হতে পারে।
রিপোর্টার্স২৪/বাবি