রিপোর্টার্স২৪ ডেস্ক: মির্জা আব্বাস-কে উন্নত চিকিৎসার জন্য আজ রোববার (১৫ মার্চ) দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে। তাকে বহন করতে যাওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।
জানা গেছে, মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস।
গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বর্তমানে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে