| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারীসহ ২ জনের অস্বাভাবিক মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৫:০৭:১৮:অপরাহ্ন  |  ৩৮৯৫১২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় নারীসহ ২ জনের অস্বাভাবিক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে ও দিবাগত রাতে উপজেলার ইসলামনগর ও নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনাগুলো ঘটে। নিহতরা হলেন— নিশ্চিন্তপুর এলাকার আব্দুল্লাহ আল মামুন (৩২) এবং ইসলামনগর খানকা শরীফ এলাকার শাকিলা আক্তার (২৯)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় নিজ শয়নকক্ষ থেকে আব্দুল্লাহ আল মামুনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মামুন ওই এলাকার হোমিও চিকিৎসক আব্দুল মোতালেবের ছেলে। স্বজনদের দাবি, মামুন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে বিবাদে জড়াতেন। বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, একই দিনের দিবাগত রাতে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ইসলামনগর খানকা শরীফ এলাকায় শাকিলা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার হুমায়ুন সরকারের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, শাকিলা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। রোববার রাতে খড়ি রাখার ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার ৯ বছর বয়সী শিশু সন্তান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে দুটি ঘটনাই আত্মহত্যা বলে প্রতীয়মান হচ্ছে। নিশ্চিন্তপুরের ঘটনায় মাদকাসক্তি এবং ইসলামনগরের ঘটনায় দীর্ঘদিনের অসুস্থতাজনিত মানসিক অবসাদের বিষয়টি উঠে এসেছে।”

ওসি আরও জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং কারও কোনো অভিযোগ না থাকায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহগুলোর সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪