স্টাফ রিপোর্টার: সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও বহুমুখী প্রতিভার স্বীকৃতিস্বরূপ সফল সংগঠক হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন, দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু। শনিবার (১৪ নভেম্বর ) ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিটিএসএফের চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে এবং মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিটিএসএফের উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফের উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান (রিংকু)। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সংগঠক শরীফ মোঃ আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোসলেম হোসেন সরদার, কলাম লেখক মোঃ ছানাউল্লাহ ও কবি রিতু নূর।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিটিএসএফের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সংগঠক, সমাজসেবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু একাধারে আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, প্রযোজক, কবি ও সমাজসেবী। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান রাখছেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও তিনি একাধিক সম্মাননা ও পদক অর্জন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাঁর প্রশংসা করে বলেন, এ্যাড. শাহিদা রহমান রিংকু একজন সৃজনশীল, দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর সাংগঠনিক প্রজ্ঞা, কর্মদক্ষতা, পরিকল্পনা ও আন্তরিকতা যেকোনো আয়োজনকে করে তোলে আরও সুন্দর, সুশৃঙ্খল, ব্যতিক্রমী ও প্রাণবন্ত। তাঁর উপস্থিতি একটি আয়োজনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং তা স্মরণীয় করে তুলতে বিশেষ ভূমিকা রাখে।
তাঁরা আরও বলেন, তাঁর বহুমুখী কর্মময় জীবন, নেতৃত্বগুণ ও সাংগঠনিক অবদান নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সফল সংগঠক হিসেবে এ সম্মাননা তাঁর কর্মময় পথচলার একটি সুন্দর স্বীকৃতি। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক; এ প্রত্যাশা ও শুভকামনা জানান।
রিপোর্টার্স২৪/ঝুম