স্টাফ রিপোর্টার : জুলাই-আগষ্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে বিএনপি ও জিয়া পরিবার সবসময় আছে ও থাকবে বলে নিশ্চয়তা দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগনের দল, বিএনপির কাছে আগে দেশ ও দেশের মানুষ। শত ষড়যন্ত্র ও বিপদেও বিএনপি দেশ ছেড়ে কোথাও যায়নি। বিএনপি মানুষের পাশে থেকে দেশের কল্যানে কাজ করবে।
লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আজকে বাংলাদেশের গনতন্ত্র নিয়ে যে ধোয়াশা তৈরী হয়েছে, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরী হয়েছে যে কালো মেঘ দেখা দিয়েছে এ বৈঠকের মাধ্যমে তা কেটে যাবে। এর মাধ্যমে ঘাতকের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন, পাচারকৃত অর্থ ফেরত এনে দেশ পূনর্গঠনে ব্যায় করার পথ খুলবে। এসময় দ্রুত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন বলে নিশ্চিত করেন তিনি।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মাওনা চৌরাস্তার আর এস ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুরের জুলাই-আগষ্ট আন্দোলনে নিহত ও আহত ১২পরিবার হাতে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেন ডা: জাহিদ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. মাজাহারুল আলম প্রমুখ।
শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশিদুল হাসান নয়ন বলেন, প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জুলাই-আগষ্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৬ জনের পরিবারের প্রত্যেককে ৫০হাজার টাকা ও আহত ৬ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে প্রয়াত শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান ও প্রয়াত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ শহিদের পরিবারের সদস্যদের খোঁজ নেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। পরে উপজেলার ধামলই গ্রামে আওয়ামীলীগের আমলে কারাগারে নিহত বিএনপি নেতা হীরা খানের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন ও কবর জিয়ারত করেন।
রিপোর্টার্স২৪/আরএইচ