আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে একাধিক বিস্ফোরণে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার শহরের বিভিন্ন স্থানে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী সম্ভাব্য আত্মঘাতী হামলার সন্দেহে তিনটি স্থানে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল মোতায়েন করেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণগুলো ঘটে ইউনিভার্সিটি অফ মাদুগাইরি টিচিং হসপিটাল এর প্রবেশমুখে এবং শহরের দুটি জনপ্রিয় বাজার—পোস্ট অফিস মার্কেট ও মন্ডে মার্কে এলাকায়।
মাইদুগুরিতে অবস্থিত ন্যাশনাল ইমার্জেন্সি ম্যনেজমেন্ট (নেমা)-এর অপারেশন প্রধান সিরাজো আবদুল্লাহি জানান, বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, অনেক মানুষ আহত হয়েছেন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তবে এখনই সঠিক সংখ্যা বলা যাচ্ছে না।
এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে, উত্তর নাইজেরিয়ায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে এই হামলার সম্পর্ক থাকতে পারে।
দেশটির উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা চলমান রয়েছে। বিশেষ করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং তাদের সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি সম্প্রতি বর্নো রাজ্যের বিভিন্ন সেনাঘাঁটিতে একাধিক হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সেনা নিহত এবং অস্ত্র লুটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নাইজেরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সোমবার ভোরে মাইদুগুরির উপকণ্ঠে সন্দেহভাজন জঙ্গিদের হামলা প্রতিহত করা হয়েছে।
এদিকে বর্নো রাজ্যর গভর্নর বাবাগানা জুলুম বিস্ফোরণের ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে হামলার বৃদ্ধি সাম্বিসা অরণ্যে চলমান সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত হতে পারে। সাম্বিসা বন দীর্ঘদিন ধরেই জঙ্গিগোষ্ঠীগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত।
তিনি বলেন, “বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ধরনের বর্বর ও অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বর্নো রাজ্যের পুলিশ মুখপাত্র নাহুম দাসো কেনেথ জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবা কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বাসিন্দাদের শান্ত থাকার এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকা এড়িয়ে চলার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/বাবি