স্পোর্টস ডেস্ক: নেপালের নারী ফুটবল লিগ খেলতে গেছেন বাংলাদেশের সানজিদা আক্তার। সেখানে ললিতপুরের ক্লাব জাপা এফসির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশের এই উইঙ্গার। মঙ্গলবার নেপালে পৌঁছেছেন দুটি সাফজয়ী এই ফুটবলার।
বুধবার (১৮ মার্চ) শুরু হওয়া লিগে তার দল ঝাপা এফসির হয়ে খেলতে পারেননি বাংলাদেশের ফুটবলের এই পোস্টারগার্ল।
নিবন্ধনের আনুষ্ঠানিকতার কারণে দলের প্রথম ম্যাচে সানজিদা ছিলেন দর্শক। মাঠের বাইরে বসে তিনি দেখেছেন তার দলের বড় হার। ত্রিভুন আর্মি স্পোর্টস ক্লাবের কাছে সানজিদাদের দল হেরেছে ৫-০ গোলে।
এর আগে ভারত ও ভুটানের নারী ফুটবল লিগে খেলেছেন সানজিদা। ভারতের ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি নারী ফুটবলার হিসেবে খেলে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে সানজিদা সুযোগ পেলেন নেপাল লিগে।
নেপালের লিগে সাফল্য পাওয়ার বিষয়ে আশাবাদী সানজিদা বলেন, ‘আশা করি ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব। ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার এই প্রথম অভিজ্ঞতা হবে।’
সবশেষ বাংলাদেশ নারী ফুটবল লিগে পুলিশ এফসির হয়ে খেলেন সানজিদা। তার ভুটানের লিগ খেলে আসেন এই উইঙ্গার। এবার নেপালে পারিশ্রমিক ভুটান লিগ থেকে বেশি বলে জানান তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব