সিনিয়র রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, বিএনপির বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তার কারণে তিনি দলের ভেতরে টার্গেটে পরিণত হন। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা জানিয়েছেন।
রুমিন ফারহানা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ ও কারাবরণের কারণে রাজনীতির বাইরে সরতে থাকায় অনেকের মধ্যে তার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছিল। যারা আমার ওপর অসন্তুষ্ট ছিল, তারা আমাকে হিংসা করত। মূলত পদধারী বড় নেতাদের তুলনায় আমার জনপ্রিয়তা বেশি হওয়ায় আমি টার্গেটে পরিণত হই, যোগ করেন তিনি।
বহিষ্কারের পর মানসিকভাবে “হালকা” অনুভব করছেন জানিয়ে রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিল, তা থেকে মুক্তি পেয়েছি। বিভিন্ন নির্বাচনের সময় টকশোতে উপস্থাপকরা মুচকি হেসে প্রশ্ন করতেন,এবার কী করবেন? এই চাপ বহন করা মোটেও সহজ ছিল না।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের পাশাপাশি দলের ভেতরের কিছু অংশও তাকে নানাভাবে হেনস্তা করেছে। অনলাইনে বড় নেতাদের খুশি করতে কিছু লোক আমাকে তাচ্ছিল্য ও অপমান করত। আওয়ামী লীগের লোকজনের পাশাপাশি বিএনপির ভেতরের অনলাইন গ্রুপের আক্রমণেরও শিকার হয়েছি, জানান তিনি।
রুমিন ফারহানা সবশেষে বলেন, এই দল থেকে বের হয়ে আজ আমি সেই চাপ ও হেনস্তা থেকে মুক্তি পেয়েছি।
এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিনে দলের স্থায়ী কমিটির সভায় রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলের বিরুদ্ধে প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি