স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে ২০২২ সালে শেষবার খেলেছেন সাব্বির রহমান। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর থেকে তিন বছরেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও জাতীয় দলে ফেরার আশা হারাননি। পাশাপাশি, সাব্বির সমস্ত ‘সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ’ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ও প্রকাশ করেছেন।
জাতীয় দলে ফেরার স্বপ্নে তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। যদিও এই সময়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা সম্ভব হয়নি, মাঝে-মধ্যে দুয়েকটি ইনিংসে আলোচনায় এসেছেন, আবার হারিয়ে গেছেন ধারাবাহিকতার অভাবে। এ কারণে জাতীয় দলে ফিরে আসার আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত সুযোগ পাননি।
সবশেষ বিপিএলে সাব্বির খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে, তবে আলো ছড়াতে পারেননি। পবিত্র ঈদুল ফিতরের সময় ভক্তদের শুভেচ্ছা জানাতে গিয়ে সাব্বির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন,
“আমাকে বেশিরভাগ মানুষ প্রশ্ন করে যে আমি কবে জাতীয় দলে খেলব। আমার উত্তর আল্লাহ-পাক যেদিন হুকুম দেবেন, সেদিন ইনশা-আল্লাহ। আমার যুদ্ধ সমস্ত সিস্টেমের সঙ্গে, যা আমি শেষ ৩–৪ বছর ধরে করছি এবং চালিয়ে যাব ইনশা-আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।”
সাব্বিরের এই ঘোষণা জাতীয় দলের ভক্তদের মধ্যে আশা ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে।
রিপোর্টার্স২৪/ঝুম