বাগেরহাট প্রতিনিধি: জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে বাগেরহাটে খান জাহান আলী তেল পাম্পে হামলার ঘটনা ঘটেছে। এতে পাম্পের তিন কর্মচারী আহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় তেলের তীব্র সংকট চলছে। সাধারণ মানুষ প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছিলেন না। এমনকি বৃহস্পতিবারও সারাদিন অনেকেই তেল সংগ্রহ করতে ব্যর্থ হন। এরই মধ্যে শুক্রবার যমুনা অয়েল কোম্পানি থেকে মাত্র তিন হাজার লিটার তেল সরবরাহ করা হয় খান জাহান আলী পাম্পে।
সকাল থেকেই তেল নেওয়ার জন্য পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। তবে সরবরাহ কম থাকায় মাত্র ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই তেল শেষ হয়ে যায়। এতে লাইনে দাঁড়িয়ে থাকা অনেক গ্রাহক ক্ষুব্ধ হয়ে ওঠেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পাম্পে কর্মরত কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে মো. তানভীর ইসলাম (২৩), মুর্শিদকুলি খান (২৮) ও মুন্না (২৩) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে পাম্পের ম্যানেজার রেজাউল ইসলাম জানান, আমরা কয়েকদিন ধরে ডিপো থেকে পর্যাপ্ত তেল পাচ্ছি না। অল্প তেল দিয়ে চাহিদা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। শুক্রবার আমরা তিন হাজার লিটার তেল পেয়েছিলাম এবং জুমার নামাজের পর বিকেল দুইটা থেকে বিতরণ শুরু করি। কিন্তু কিছু সময়ের মধ্যেই তেল শেষ হয়ে যায়। এরপর আমরা গ্রাহকদের বোঝানোর চেষ্টা করলেও তারা উত্তেজিত হয়ে হামলা চালায়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে, বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম শেখ ( ওসি অপারেশন) বলেন, আমরা বিষয়টি জানার পরপরই আমাদের ফোর্স পাঠাই। আমরা জানতে পেরেছি তিনজন আহত হয়েছে। তারা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। যদি এ বিষয়ে কোন মামলা হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
রিপোর্টার্স২৪/এসসি