নোয়াখালী প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি তার নিজস্ব রাজনৈতিক ধারা বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথনির্দেশনা এবং বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই আগামী পাঁচ বছর দেশ শাসন করবে বিএনপি।
শনিবার (২১ মার্চ) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম মির্জানগর গ্রামে নিজ বাড়িতে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এই সংসদ সদস্য।
বরকত উল্লাহ বুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এ উপমহাদেশের সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক এবং বেগম খালেদা জিয়া ছিলেন সবার কাছে একজন গ্রহণযোগ্য সরকার প্রধান। এই দুই মহান নেতার আদর্শকে ধারণ করেই তাদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে।
সাবেক এই মন্ত্রী বলেন, জনগণ একটি দখলমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করে। বিএনপি সরকার জনগণের সেই দাবিগুলোকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে।
এর আগে সকালে গ্রামের বাড়িতে স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন বরকত উল্লাহ বুলু। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব