রিপোর্টার্স ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা এবং সমাজের প্রয়োজন মেটানোর জন্য সংবিধান সংস্কার করা প্রয়োজন। রোববার (২২ মার্চ) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, কোনো দেশের সংবিধানই অপরিবর্তনশীল নয়। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে তা পরিবর্তন করতে কোনো বাধা নেই। তিনি আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার জরুরি।
সংবিধান ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ অধিবেশনের শেষ প্রান্তে নির্বাচনী বিষয়ে আলোচনা সীমিত সময়ের কারণে হয়নি। এছাড়া প্রেসিডেন্টের প্রতিষ্ঠান নিয়ে জামায়াতের কোনো নেতিবাচক ধারণা নেই ব্যক্তিকে কেন্দ্র করে কিছু প্রশ্ন আছে, যা সরকার বিবেচনা করবে।
নির্বাচন পরবর্তী সংকটের প্রসঙ্গ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে এসব সমাধান না হলে স্বাভাবিকভাবেই সমস্যা বাইরে আন্দোলনে রূপ নেবে।
তিনি অভিযোগ করেন, রাষ্ট্র আগের ধারাতেই চলছে। প্রাতিষ্ঠানিক নিয়োগ এবং অনিয়ম এখনও সমাজে ব্যাপকভাবে বিদ্যমান। রাজনীতিবিদরা যতক্ষণ নিজেদের ঠিক করবেন না, দেশের উন্নতি হবে না।
ঈদযাত্রায় জনগণের ভোগান্তির প্রসঙ্গেও তিনি সরকারের গাফিলতিকে দায়ী করেছেন। বিশেষ করে সড়ক ও পরিবহন মন্ত্রীর অযাচিত মন্তব্য সমস্যার জন্য বড় কারণ বলে উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করা যায়, বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় দেশ হয়ে উঠতে পারে।
মতবিনিময় সভায় সিলেট জেলার সাংবাদিকদের সঙ্গে সিলেট জেলা ও মহানগর জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম