রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা-র রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামনে কঠিন সময়। যুদ্ধটা আমাদের বড় ক্ষতি করছে। তেলের দাম বাড়বে, জিনিসপত্রের দামও বাড়বে এসব সয়ে নিয়েই আমাদের এগোতে হবে।
তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষের অনুভূতি নিয়ে ব্যবসা করা ঠিক নয়। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও তারা ধর্মের অপব্যবহার পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি, কাজ করেই মানুষের আস্থা অর্জন করতে চাই, যোগ করেন তিনি।
জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যুদ্ধের কারণে তেলের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিতে পেট্রোল পাম্প ভাঙচুর বা বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না, কঠোরভাবে দমন করা হবে, হুঁশিয়ারি দেন তিনি।
কৃষি পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঝড়-বৃষ্টির কারণে গম ও আলুর মতো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের এই দুরবস্থা সরকার উপলব্ধি করে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে কোটি কোটি নারীকে সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, দেশের উন্নয়নে বড় প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ চলছে এবং সারাদেশে প্রায় ২০ হাজার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম