রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজনীতিকে দুর্বৃত্তায়নের প্রভাব থেকে মুক্ত করে স্বচ্ছ ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান-এর আদর্শ অনুসরণ করেই রাজনীতিকে শুদ্ধ করতে হবে।
রোববার (২২ মার্চ) রাতে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে ‘আর্থ-সামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে আমরা শহীদ জিয়ার আদর্শে স্বপ্নের বাংলাদেশ গড়ার মহাসড়কে যাত্রা শুরু করেছি।
রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, রাজনীতি করতে এসে ব্যক্তিগত সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট নেওয়ার চিন্তা বাদ দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কেবিনেট বৈঠকেই এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন, বলেন তিনি।
মন্ত্রী জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের জন্য নেওয়া কৃষিঋণ মওকুফ কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, প্রায় ১১ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে, যার পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা।
তিনি বলেন, সরকারের প্রথম কেবিনেট বৈঠকের অন্যতম সিদ্ধান্ত ছিল এই কৃষিঋণ মওকুফ, যা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি আব্দুল মজিদ এবং জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদসহ অন্যান্য কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/ঝুম