| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৩, ২০২৬ ইং | ২২:৩৪:২৫:অপরাহ্ন  |  ২২৫৬৮৬ বার পঠিত
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির
ছবির ক্যাপশন: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্যানেলে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার। তার নেতৃত্বে গঠিত এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আগের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হয়েছেন বাশার। নতুন নির্বাচক প্যানেলে আগের সদস্য হিসেবে আছেন হাসিবুল হাসান শান্ত। এছাড়া নতুন করে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।

৫৩ বছর বয়সী হাবিবুল বাশারের রয়েছে নির্বাচক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি এর আগে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দলের জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা আট বছর বাংলাদেশ পুরুষ দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন তিনি। তারও আগে নারী দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন।

খেলোয়াড়ি জীবনে হাবিবুল বাশার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এছাড়া তিনি ১৮টি টেস্ট ও ৬৯টি ওয়ানডেতে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

নির্বাচক প্যানেলের আরেক সদস্য হাসিবুল হাসান শান্ত পূর্ববর্তী কমিটির অংশ ছিলেন, যা ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে।

নতুন সদস্য নাঈম ইসলাম তার দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারের বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি করে দেশের হয়ে সর্বোচ্চ শতকের রেকর্ডও তার দখলে।

অন্যদিকে নাদিফ চৌধুরীর রয়েছে প্রায় ২০ বছরের খেলোয়াড়ি অভিজ্ঞতা। তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলেছেন। অবসরের পর তিনি প্রতিভা অন্বেষণ ও বিকাশ কার্যক্রমে যুক্ত ছিলেন এবং বিসিবির অধীনে বয়সভিত্তিক নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪