সিনিয়র রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটির মতে, এই পরিস্থিতি দেশের আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ঈদের দিন ও ছুটির সময় যখন মানুষ উৎসব, দোয়া ও ইবাদতে ব্যস্ত ছিল, তখন দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার দাবি, এসব ঘটনায় চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, বরিশাল ও পাবনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।
বিবৃতিতে তিনি এসব ঘটনাকে “সন্ত্রাসী কর্মকাণ্ড” হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপির ধারাবাহিক সহিংসতা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য হুমকি তৈরি করছে।
জামায়াত নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ঈদের মতো পবিত্র সময়ে এ ধরনের সহিংসতা অতীতের রাজনৈতিক অস্থিরতার স্মৃতি উসকে দেয়। সরকার ব্যবস্থা না নিলে জনগণ রাজপথে প্রতিক্রিয়া জানাতে পারে বলেও সতর্ক করেন তিনি।তবে অভিযোগের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/এসসি