স্পোর্টস ডেস্ক: হঠাৎ করেই গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন সাবেক পরিচালক আমজাদ হোসেন। ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তিনি পরে গণমাধ্যমে নিশ্চিত করেন।
বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে নানা আলোচনা চলছে। এই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে আমজাদ পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আমি তো আপনাদের সঙ্গে ছয় মাসের কাছাকাছি কাজ করেছি। অনেক সহজ-কঠিন প্রশ্ন করেছেন, যা আগে করেননি। আজকে আমি পরিচালক নই, আজকেই কেন এই প্রশ্নটা করা হচ্ছে? এটি আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আর নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আমি বলতে পারব না, আমি তো ক্যান্ডিডেট। ফর্ম কিনেছি, নির্বাচন করেছি এটাই আমার মূল দায়িত্ব। নির্বাচনের প্রক্রিয়া দায়িত্বে যারা ছিলেন, তাদের বিষয়।
তবে আমজাদ স্বীকার করেছেন, নির্বাচনের প্রক্রিয়া আরও স্বচ্ছ হতে পারত। তিনি বলেন, প্রিমিয়ার লিগের অনেক ক্লাবের প্রতিনিধি এবার নির্বাচনে উপস্থিত ছিলেন না। একজন অংশগ্রহণ করেছেন, আর একজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন। অনেক প্রার্থীও নির্বাচন থেকে সরে গেছেন, যা আগের নির্বাচনে হয়তো হয়নি। সব নির্বাচনেই শঙ্কা, বিতর্ক ও প্রশ্ন থাকে। প্রার্থী কেন সরে গেছেন, তা বিচার করে নির্বাচনের স্বচ্ছতা আরও নিশ্চিত করা যেত।
তিনি আরও যুক্তি দেন, যেকোনো নির্বাচনে প্রশ্ন, ত্রুটি বা বিচ্যুতি থাকা স্বাভাবিক। এমনকি পরাক্রমশালী দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। এটি চলমান প্রক্রিয়া। সামনেও বোর্ডে অনেক নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং সেগুলো নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে হয়তো আরও স্বচ্ছভাবে করা যেত।
বোর্ডের কাজ নিয়ে কোনো প্রকার চাপ বা সমস্যা অনুভব করেছিলেন কি এমন প্রশ্নের উত্তরে আমজাদ বলেন, একদিন আগে আমি বোর্ডে ছিলাম, তখন বোর্ডের কাজ ভালো ছিল। এখন আমি বোর্ডে নেই, বোর্ডের কাজ খারাপ তা নয়। আপনারা বোর্ডের সমালোচনা করবেন, তবে ভালো দিকও তুলে ধরতে হবে। বোর্ড ভালো কাজ করছে।
এভাবে পদত্যাগী এই সাবেক পরিচালক বিসিবির নির্বাচনের স্বচ্ছতা ও প্রক্রিয়া নিয়ে সরাসরি বক্তব্য রাখলেও বোর্ডের বর্তমান কার্যক্রমের প্রশংসা করতে ভোলেননি।
রিপোর্টার্স২৪/ঝুম