| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাওড়ে মাছ ধরতে নেমে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ২৩:৩৭:৩২:অপরাহ্ন  |  ৩৬৪৮৪০ বার পঠিত
বাওড়ে মাছ ধরতে নেমে সাপের কামড়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আশিক আহম্মেদ (২৮) নামে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ড্রাইভার ছিলেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে।

নিহত আশিক আহম্মেদ নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইনের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মো. আরিফ হোসেন মুন্সী এবং ড্রাইভার আশিক আহম্মেদ নস্তি বাওড়ে মাছ ধরতে যান। বিকেল সাড়ে ৩টার দিকে বাওড়ে নামার পর আশিককে একটি বিষধর সাপ দংশন করে।

সহকর্মীরা তাকে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার পায়ে সাপে কাটার মতো ক্ষতচিহ্ন ছিল এবং শরীরে সাপের বিষক্রিয়ার লক্ষণও দেখা গেছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঝিনাইদহ থেকে গাড়ি মেরামতের কাজে আশিকসহ চারজন পুলিশ সদস্য মহেশপুরে আসেন। কাজ শেষে তারা নস্তি বাওড়ে যান এবং সেখানে বড়শি দিয়ে মাছ ধরেন। মাছ ধরা শেষে গোসল করতে নামার সময় আশিক অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, বাওড়ে থাকার সময়ই তাকে বিষধর সাপ দংশন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন বলেন, নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪