| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৫, ২০২৬ ইং | ১১:০৩:৫৬:পূর্বাহ্ন  |  ৩৫৪৫২৪ বার পঠিত
যশোরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত্যু

বেনাপোল প্রতিনিধি: যত বড় অপরাধের অভিযোগই উঠুক না কেন, কাউকে গণপিটুনিতে হত্যা করার অধিকার কোনোভাবেই সংবিধান বা আইনের মাধ্যমে স্বীকৃত নয়। তবুও থামছে না ‘মব’ বা গণআক্রমণের এই বিপজ্জনক প্রবণতা। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় থেকে শুরু হওয়া এই সহিংস সংস্কৃতি, দুঃখজনকভাবে নির্বাচিত সরকারের সময়েও থামেনি—বরং মাঝেমধ্যে আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যশোরের চৌগাছায়। মর্মান্তিক এ ঘটনায় জড়িত কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ।

গরু চুরির অভিযোগে জনতার হাতে আটক হয়ে গণপিটুনির শিকার এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২২ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাসিলা গ্রামের লক্ষ্মীপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলু (৪৮)-এর গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় আলমগীর হোসেন (৪২) ধরা পড়েন। এ সময় গরুর মালিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে এবং মারধর শুরু করে। একপর্যায়ে গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে দুইটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এলো—আইনের শাসনকে পাশ কাটিয়ে ‘মব জাস্টিস’-এর নামে যে সহিংসতা চলছে, তা শুধু একজন মানুষের জীবনই কেড়ে নিচ্ছে না, সমাজকেও ঠেলে দিচ্ছে এক গভীর অনিশ্চয়তার দিকে। এখন প্রশ্ন—এই প্রবণতা আর কতদিন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪